
নিজস্ব সংবাদাতা:
চট্টগ্রাম, ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার):চট্টগ্রামের বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতু নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)।
বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক রোকন উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, কালুরঘাট সেতু শুধু একটি অবকাঠামো নয়—এটি দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের জীবনযাত্রার সাথে জড়িত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি থাকলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে পুরনো সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বরকত উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুর নাহার, অর্থ সম্পাদক সুজন দেব নাথ জয়, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদ, দৈনিক অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান সাংবাদিক আজম খাঁন, মোঃ জফুর আলমসহ সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণ।
বক্তারা আরও বলেন, কর্ণফুলী নদীর ওপর একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণ হলে বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শুরু ও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একইসঙ্গে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
Leave a Reply