
বোয়ালখালী প্রতিনিধি: আবু বক্কর মিজান।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি সিএনজি অটোরিকশা চুরির পর সেটি ফেরত দেওয়ার শর্তে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে অবশেষে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব শাকপুরা ইউনিয়নের বাসিন্দা মো. মোশারফ হোসেনের মালিকানাধীন সবুজ রঙের একটি সিএনজি অটোরিকশা গত ৭ জুলাই ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে গোমদণ্ডী উপজেলার মীরপাড়ায় তার ছেলের বাসার সামনে থেকে চুরি হয়ে যায়। চুরি হওয়া গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টগ্রাম-থ-১৪-৪৪৮১, চেসিস নম্বর MD2A27AZ1FVB38184 এবং ইঞ্জিন নম্বর AZZWFB29511 বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, ঘটনাটি জানার পর তিনি আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দীর্ঘ সময় ধরে সিএনজিটির কোনো সন্ধান পাননি। জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার।
তিনি আরও অভিযোগ করেন, সিএনজি চুরির কিছু সময় পর ০১৮৭৯৪২৩৪৩৪ নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে নিজেদের চোর পরিচয় দিয়ে জানায়, নগদ ৫০ হাজার টাকা দিলে সিএনজি ফেরত দেওয়া হবে। নিরুপায় হয়ে অনেক অনুরোধের পর তারা ২৫ হাজার টাকা দিতে রাজি হলে দুর্বৃত্তরা ০১৭৭৩৫৭৯০০৮ নম্বরের একটি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে। পরে ভুক্তভোগী ওই বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠান, যার লেনদেনের স্ক্রিনশট তার কাছে সংরক্ষিত রয়েছে।
কিন্তু টাকা নেওয়ার পরও সিএনজি ফেরত না দিয়ে দুর্বৃত্তরা আরও একটি নম্বর থেকে ফোন করে অতিরিক্ত ২৫ হাজার টাকা দাবি করে। তারা জানায়, বাকি টাকা পরিশোধ না করলে সিএনজি ফেরত দেওয়া হবে না। এতে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী আরও অসহায় হয়ে পড়েন।
এ অবস্থায় চুরি হওয়া সিএনজি উদ্ধার, মুক্তিপণ দাবিকারীদের ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড ও লোকেশন শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে তিনি বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করে চুরি হওয়া সিএনজি উদ্ধার এবং জড়িত চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। অভিযোগটি গ্রহণের পর বোয়ালখালী থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply