
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে এক যুবককে মারধর করে তার ব্যবহৃত আইফোন-১৩ প্রো মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় তাওসির আজিজ নামে এক যুবক সংশ্লিষ্ট থানায় লিখিত এজাহার দিয়েছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগপত্রে বলা হয়, তাওসির আজিজ পড়াশোনার পাশাপাশি গাড়ির ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং অভিযুক্তদের মধ্যে একজন তার ব্যবসায়িক অংশীদার ছিলেন। প্রায় এক বছর ধরে তারা যৌথভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি ব্যবসায়িক লেনদেনের হিসাব-নিকাশ সম্পন্ন হওয়ার পর তিনি হাসপাতালে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যান।
অভিযোগকারীর দাবি, হাসপাতালে আত্মীয়কে দেখে ফেরার সময় হাসপাতালের সামনে অভিযুক্তরা তাকে দেখতে পেয়ে কাছে যাওয়ার জন্য ডাকেন। তাদের কথামতো কাছে গেলে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে সড়কের ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে তার কাছে থাকা আইফোন-১৩ প্রো মোবাইল ফোনটি দেওয়ার জন্য অভিযুক্তরা চাপ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মোবাইল ফোনটি দিতে অস্বীকৃতি জানালে তাকে পাশের একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে অভিযুক্তরা তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন বলে অভিযোগকারীর দাবি।
এজাহারে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে একজন অভিযুক্ত তার মাথায় পেছনে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তার মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। এ সময় তার হাতে থাকা আইফোন-১৩ প্রো মোবাইল ফোন এবং পাঞ্জাবির পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থলে থাকা গাড়ি রেখে সেখান থেকে চলে যান বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত তাওসির আজিজকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় চারটি সেলাই দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ তাওসির আজিজ ও তার পরিবার আসামিদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply