
মোঃ সোলায়মান চট্টগ্রাম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিএনপি সরকার সবসময় গণমাধ্যম ও সাংবাদিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে ও বস্তুনিষ্ঠভাবে কাজ করবেন। তবে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে, তাই দায়িত্বশীল সাংবাদিকতা এখন আরও গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের আবাসন, বকেয়া বেতন, ওয়েজবোর্ড বাস্তবায়নসহ বিভিন্ন পেশাগত সমস্যার সমাধানে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সময়মতো বেতন-ভাতা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে চট্টগ্রামের সাংবাদিক, গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে দুই প্রতিমন্ত্রী ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Leave a Reply