
নিজস্ব প্রতিবেদক:
(সিএমপি) পুলিশ কমিশনার এবং ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় নগরীর মোহরা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ, ফিটনেসবিহীন যানবাহন এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।
চলমান এই অভিযানে এলাকার সাধারণ মানুষ, সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহনের অবাধ চলাচল, ফুটপাত দখল এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতো। ফলে দুর্ভোগ পোহাতে হতো অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।
স্থানীয়রা মনে করছেন, পুলিশের এই উদ্যোগ শুধু যানজট নিরসনেই নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা বলেন, “নগরীর মোহরা-কাপ্তাই রাস্তার মাথাকে যানজটমুক্ত ও স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার কোনো বিকল্প নেই।”
সচেতন নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নগরবাসী আরও নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে চলাচলের সুযোগ পাবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনদুর্ভোগ কমাতে পুলিশের এই কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।
Leave a Reply