
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে একটি বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, সারোয়াতলী তালুকদার বাড়ির বাসিন্দা ও পিআইএস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের সিনিয়র শিক্ষক আরজুমান আরা বেগম গত ১০ সেপ্টেম্বর বোয়ালখালী থানায় এ অভিযোগ করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের গ্রামের বাড়িতে বর্তমানে পরিবারের কোনো সদস্য নিয়মিত বসবাস করেন না। তার মেজতাসুর বায়েজিদ মুজতবা সিদ্দিকী ঢাকায় এবং বড়তাসুর অ্যাডভোকেট দস্তগীর রেজা সিদ্দিকী চট্টগ্রাম শহরে বসবাস করেন। তবে ঈদ, সরকারি ছুটি ও বিভিন্ন বিশেষ অনুষ্ঠানে পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে অবস্থান করেন।
এ সময় বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে।
জিডিতে আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে তারা জানতে পারেন, অজ্ঞাতনামা চোর/চোরেরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে—সেলিং ফ্যান ৫টি, টেবিল ফ্যান ১টি, বিভিন্ন ধরনের কোটকি ও রান্নার সামগ্রী, কেশোরিজ, প্রেসার কুকার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক্যাল হোভার, বাল্ব, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা এবং ঘরের অন্যান্য ব্যবহার্য সামগ্রী।
অভিযোগকারী আরও জানান, বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকায় চুরির সঠিক তারিখ ও সময় নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বাড়িতে সংঘটিত চুরির বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি বলে তিনি মনে করেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোর/চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন আরজুমান আরা বেগম।
Leave a Reply