
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আশরাফুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বোয়ালখালী থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে গেলে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এসআই আশরাফুল ইসলাম জানান, পূর্ব চরণদ্বীপ এলাকায় একটি তদন্তের কাজে গেলে হঠাৎ তার শরীরে সাপের কামড়ের মতো দুটি দাগ দেখতে পান। ওই স্থান থেকে রক্তক্ষরণও হচ্ছিল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা অজ্ঞাত সাপের কামড় (আননোন বাইট) হিসেবে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন, রাতে পূর্ব চরণদ্বীপ এলাকায় তদন্তের কাজে গেলে এ ঘটনা ঘটে। তবে কী প্রজাতির সাপ তাকে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহ জালাল বলেন, রাত সাড়ে ১১টার দিকে ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে সাপের কামড়ের মতো দুটি দাঁতের চিহ্ন রয়েছে। তবে কী সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত সাপের কামড়ের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply