
মোঃ আজম খাঁন,চট্টগ্রাম।
আলহামদুলিল্লাহ, ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিক পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া ইউনিয়ন শাখার আওতাধীন বড়লিয়া ৮নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৬ এবং জামেয়া কুতুবুল আউলিয়া রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হাদীয়ে দীন ও মিল্লাত হযরতুল হাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি (রহঃ)’র বার্ষিক সালানা ওরশ শরীফ সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লী, সামাজিক ব্যক্তিবর্গ, প্রবাসী প্রতিনিধি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন বিশিষ্ট সংগঠক ও কানাডা প্রবাসী সাংবাদিক জনাব মফিজুল ইসলাম বাবলু চৌধুরী। প্রধান অতিথি ও প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মদ জাকির হোসেন মেম্বার। তারা তাদের বক্তব্যে ইসলামের সুমহান আদর্শ, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান এবং সুসংগঠিত ইসলামী সমাজ গঠনে গাউসিয়া কমিটির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান ওয়ায়েজ হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন মাওলানা মুফতি মুহাম্মদ কফিল উদ্দিন আল-কাদেরী। তাঁর হৃদয়স্পর্শী আলোচনা উপস্থিত মুসল্লিদের মাঝে ধর্মীয় অনুপ্রেরণা ও আধ্যাত্মিক আবেগ সৃষ্টি করে। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ আবু ছিদ্দিক আশু, জনাব মুহাম্মদ আবু নাছের, জনাব মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ খোরশেদুল আলম খান, আলহাজ্ব মুহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী, ডা. মুহাম্মদ আজমগীরসহ গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মুহাম্মদ নুরুল আবছার। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মুহাম্মদ তাজুল ইসলাম খান ও ইঞ্জিনিয়ার ইমরান খানসহ আরও অনেকে। তাদের তত্ত্বাবধানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে শেখ মফিজ আহমদকে সভাপতি, মুহাম্মদ ওমর ফারুক সুমনকে সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ হাসানকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইয়াকুব হোসাইন খান মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ মামুন খানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন সংক্ষিপ্ত কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ মফিজ আহমদ এবং সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ হাসান। পরিশেষে মিলাদ, ক্বিয়াম ও দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ এয়াকুব আলী। ধর্মীয় এই আয়োজন শুধু একটি কাউন্সিল বা ওরশ অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ইসলামী ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করার এক অনন্য মিলনমেলা।
Leave a Reply