
—-মোহাম্মদ মাসুদ—
লেখক ও কলামিস্ট
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের জীবন্ত ইতিহাস বেগম খালেদা জিয়া। ব্রিটিশ ভারতের জলপাইগুড়ি থেকে স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রক্ষমতা- তাঁর এই বর্ণাঢ্য জীবনযাত্রা কেবল একজন নেত্রীর রাজনৈতিক আত্মকথাই নয়, বরং একটি স্বাধীনতাকামী জাতির আত্মত্যাগের ও সংগ্রামের অবিচ্ছেদ্য ইতিহাস। জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘প্রতিভা প্রকাশ’ থেকে অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে সাংবাদিক ও লেখক মোহাম্মদ মাসুদ-এর সুদীর্ঘ গবেষণামূলক ও প্রামাণ্য গ্রন্থ ‘বেগম খালেদা জিয়া- জন্ম থেকে মহাপ্রস্থান : এক অবিনশ্বর ইতিহাস’।
আটটি সুবিন্যস্ত অধ্যায় এবং ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ এই গ্রন্থটিতে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে ১৯৪৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিস্তৃত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের সামগ্রিক চিত্র। প্রারম্ভিক জীবনের সাধারণ গৃহবধূ থেকে শুরু করে ১৯৭১ সালের অবরুদ্ধ দিনগুলো, ১৯৮০-এর দশকে সামরিক শাসনবিরোধী আপসহীন আন্দোলন, তিন মেয়াদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন এবং ওয়ান-ইলেভেনের পরবর্তী কারাবাস ও সর্বশেষ জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক পটপরিবর্তন- প্রতিটি বাঁক অত্যন্ত সুচারুভাবে এই গ্রন্থে স্থান পেয়েছে।
বিশেষ করে, তাঁর রাজনৈতিক জীবনের অবিসংবাদিত রেকর্ড- ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কখনো পরাজিত না হওয়ার অনন্য কৃতিত্ব এবং ২০২৫ সালের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে তাঁর মহাপ্রস্থান ও পরবর্তী ইতিহাসের ঘটনাবলি এই বইটিকে করেছে অনন্য ও প্রামাণ্য। পরিশেষে, তাঁর নির্বাচিত ঐতিহাসিক ভাষণসমূহের সংযোজন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকদের জন্য একে একটি দুর্লভ সংগ্রহে রূপ দিয়েছে।
আশা করা যায়, সমকালীন বাংলাদেশের রাজনীতির উত্থান-পতন, গণতান্ত্রিক সংগ্রাম এবং রাষ্ট্রনায়ক খালেদা জিয়ার জীবনের না বলা অনেক অধ্যায় জানতে এই গ্রন্থটি পাঠকসমাজে এক যুগান্তকারী সংযোজন হিসেবে সমাদৃত হবে।
Leave a Reply