নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় দায়ের করা শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. ইস্রাফিলকে (৩৫) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের যৌথ আভিযানিক দল।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডের রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দোকানের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নম্বর-৪৯, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. ইস্রাফিল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-৯, সিলেটের যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মো. ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নারুই গ্রামের মো. শিশু মিয়ার ছেলে। মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে মামলায় ৩০২ ধারা সংযোজন করা হয়।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।