
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইল এলাকার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায় এবং কোথাও কোথাও পানি উপচে পড়ে, ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে।
এলাকাবাসীর দাবি, সড়কের পাশ দিয়ে প্রবাহিত খালটি দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ফলে বৃষ্টির পানি দ্রুত সরে যেতে না পেরে সড়কে জমে থাকে এবং প্রতিবছর বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, দ্রুত সময়ের মধ্যে খালটি খনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হলে জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং সড়কটি পুনরায় স্বাভাবিকভাবে ব্যবহার উপযোগী হয়ে উঠবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধান হবে।