নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর এক কর্মচারীর ওপর সংঘবদ্ধ হামলা, হত্যাচেষ্টা, ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের কয়েকজন পদধারী নেতাকর্মীসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সি.আর. মামলা নং-১৬৯৬/২০২৬ গত ৪ জুন দায়ের করেন সিডিএ কর্মচারী মোহাম্মদ আজিমুল হক। মামলায় ১২ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ মে দুপুরে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে অভিযুক্তরা বাদীর কর্মস্থলে প্রবেশ করে। এ সময় তারা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। হামলার একপর্যায়ে বাদীর কাছ থেকে নগদ ৫ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন এবং একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া অভিযুক্তরা বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আজিমুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পূর্বে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলেও মামলার নথিতে উল্লেখ রয়েছে।
মামলায় দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাদীর দাবি, অভিযুক্তদের প্রভাব ও অব্যাহত হুমকির কারণে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি প্রাণভয়ের কারণে নিয়মিত কর্মস্থলেও যেতে সাহস পাচ্ছেন না বলে তিনি আদালতকে জানিয়েছেন।
তবে মামলায় উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।