নিজস্ব সংবাদাতা:
বিগত সরকারের পতনের পর বিভিন্ন ব্যাংক থেকে গণহারে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি উঠেছে জাতীয় সংসদে। সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় চট্টগ্রামের দুই বিএনপি সংসদ সদস্য এই দাবি জানান। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক বলেন, পটিয়াসহ চট্টগ্রাম অঞ্চলের ১০ হাজারের বেশি তরুণ-তরুণীকে ব্যাংক থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ সঠিক তদন্তের মাধ্যমে তাদের কাজে ফেরানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকসহ এস আলমের নিয়ন্ত্রণাধীন অন্তত ছয়টি ব্যাংক থেকে প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারীকে 'চট্টগ্রাম ট্যাগ' দিয়ে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুতদের দাবি, তারা কোনো অনিয়মে জড়িত ছিলেন না, কেবল নির্দিষ্ট অঞ্চলের বাসিন্দা হওয়ায় প্রতিহিংসার শিকার হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।