আনোয়ারা প্রতিনিধি।
জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন ঘিরে সারাদেশে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রস্তুতি। নির্বাচন কমিশনও ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন ইমতিয়াজ উদ্দিন চৌধুরী রুবেল।
এলাকায় নিয়মিত মানুষের সঙ্গে সময় দেওয়া, তাদের খোঁজখবর নেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে।
ইমতিয়াজ উদ্দিন চৌধুরী রুবেল বটতলী গ্রামের ঐতিহ্যবাহী মোহাম্মদ হাসিম মুন্সি বাড়ির সন্তান। তিনি প্রয়াত শিক্ষক মাষ্টার নাদেরুজ্জামান চৌধুরীর দ্বিতীয় ছেলে। পারিবারিকভাবেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের পরিবেশে বেড়ে ওঠেন তিনি। শৈশব থেকেই এডভোকেট কবির চৌধুরী, মরহুম মনির আহমদ চৌধুরী চেয়ারম্যান, সিরাজুল হক চৌধুরী চেয়ারম্যান, কে এম হাফিজসহ এলাকার জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের কর্মকাণ্ড কাছ থেকে দেখার সুযোগ পান।
পরিবারের রাজনৈতিক কর্মকাণ্ডে আসা-যাওয়া দেখতে দেখতে স্কুলজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয় বলে তার ঘনিষ্ঠজনরা জানান। পরবর্তীতে শাহ মোছেন আউলিয়া (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদল ও বটতলী ইউনিয়ন ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন ইমতিয়াজ উদ্দিন চৌধুরী রুবেল। তিনি আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আনোয়ারা-কর্ণফুলী ঐক্য পরিষদের সদস্য, এডভোকেট কবির চৌধুরী-নুর নাহার ট্রাস্টের সদস্য এবং সিরাজুল হক চৌধুরী চেয়ারম্যান স্মৃতি সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের একাংশের সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তার উপস্থিতি এবং মানুষের সঙ্গে যোগাযোগের কারণে তাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। শিক্ষক ও সামাজিকভাবে পরিচিত একটি পরিবারের সন্তান হিসেবে এলাকায় তার পারিবারিক পরিচিতিও আলোচনায় আসে।
সম্ভাব্য প্রার্থী হিসেবে ইমতিয়াজ উদ্দিন চৌধুরী রুবেলকে নিয়ে স্থানীয়দের প্রত্যাশা—তিনি নির্বাচিত হলে বটতলী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, তরুণ সমাজ, ক্রীড়া, সামাজিক কল্যাণ এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার উদ্যোগ নিতে পারেন।